মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তনের সুযোগ দিল বিআরটিএ

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ২ ঘণ্টা আগে |   
ছবি : সংগৃহীত

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে প্রদর্শনের অনুমতি দিতে পারবে সংস্থাটি। একই সঙ্গে মোটরসাইকেলের নকশা ও গঠন বিবেচনায় নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থেও ভিন্নতা রাখার সুযোগ তৈরি হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক সারিতে লেখার অনুমোদন দিতে পারবে বিআরটিএ। এ ক্ষেত্রে মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দেওয়া যাবে।

নতুন নিয়মে নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা ও বিন্যাস নির্ধারণের বিষয়টিও বিআরটিএর এখতিয়ারে রাখা হয়েছে। জেলা বা অঞ্চলের পরিচায়ক অক্ষর, যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষর, প্লেটের ওপরের ফাঁকা অংশ, সংখ্যার মধ্যবর্তী ব্যবধান এবং দ্বিতীয় সারিতে ব্যবহৃত সংখ্যাগুলোর মধ্যকার হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ। এ ছাড়া এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সময় জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের বিধান রাখা হয়েছে। প্রজ্ঞাপনে সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে গত ২৮ অক্টোবর প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।


মন্তব্য লিখুন :