নীরব প্রহরের স্মৃতিসন্ধান

ঢাকা রিপোর্টের হারানো হৃদয়

ফয়সাল মাহমুদ | প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ |   

কোনও সংবাদপত্রের পাতায় সত্যের চিহ্ন ছাড়া কেবল শব্দই থাকে, কিন্তু সেই শব্দের আড়ালে লুকিয়ে থাকে মানুষের জীবন ও আত্মার নিঃশব্দ উপস্থিতি। সংবাদকক্ষ, নিউজরুম, অফিস,সবই তখন শুধু একটি কক্ষে সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে জীবন্ত, যেখানে প্রতিটি কলম, প্রতিটি প্রতিবেদন, প্রতিটি সংবাদ একটি প্রহরের মতো সতর্ক থাকে। দৈনিক ঢাকা রিপোর্ট, পাক্ষিক যাত্রার দশ বছরের অভিজ্ঞতা নিয়ে, ২০০১ সালের ১ আগস্ট দৈনিক হিসেবে যাত্রা শুরু করেছিল। কিন্তু এই যাত্রার শুরু ও দীর্ঘ পথচলার মাঝে আমাদের সঙ্গে ছিলেন কিছু মানুষ, যারা শুধু সাংবাদিক ছিলেন না; তারা ছিলেন ঢাকা রিপোর্ট পরিবারের প্রাণ, সততা, ন্যায়, কলমের শক্তি এবং মানুষের জন্য দায়বদ্ধতার জীবন্ত প্রতীক। তারা নিউজরুমকে প্রাণবন্ত করতেন, অফিসকে আলোয় ভরিয়ে রাখতেন, আর অনুপস্থিতি থাকলে সেই শূন্যতা কেবল চোখে নয়, হৃদয়ে অনুভূত হত। আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তাদের স্মৃতি, আদর্শ ও লেখা চিরকাল নিউজরুমে বেঁচে আছে। সংবাদকক্ষের ঘরের প্রতিটি কোণ, কাগজের প্রতিটি পাতা, রিপোর্টের প্রতিটি লাইনে আজও তাদের স্পর্শ, তাদের নিঃশব্দ শিক্ষা এবং মানবিক আভা প্রতিফলিত হয়। ঠিক মহাত্মা গান্ধী যেভাবে বলেছিলেন-‘‘ মানুষ মারা যায়, কিন্তু তার কাজ ও আদর্শ চিরকাল বেঁচে থাকে।”

আলতাফ মাহমুদ,  

ঢাকা রিপোর্টের কিংবদন্তী সাংবাদিক

ঢাকা রিপোর্টের পাক্ষিক যাত্রার সময় পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে আলতাফ মাহমুদ ছিলেন সেই মানুষ, যার কলমে লিড নিউজগুলো জীবন্ত হয়ে উঠতো। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না; ছিলেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের নিখুঁত উদাহরণ। কর্মক্ষেত্রে তার সরলতা, ন্যায় পরায়ণতা এবং সত্যের প্রতি অটল বিশ্বাস তাকে সহকর্মীদের মধ্যে বিশেষ স্থান দিত। পরবর্তী সময়ে সাংবাদিক সমাজে তিনি নেতৃত্বের ভূমিকা পালন করেন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার জীবন ছিল সংবাদ, সততা এবং নেতৃত্বের নিখুঁত সংমিশ্রণ। পরবর্তীতে তিনি দৈনিক খবর এবং দৈনিক ডেস্টিনি-তে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত থাকেন, তবে ঢাকা রিপোর্ট কার্যালয়ে ছিলো সবসময়ই তার নিবির যাতায়াত। তার কলম ও দৃষ্টিভঙ্গি সাংবাদিকতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। তিনি বরাবরই ছিলেন ঢাকা রিপোর্ট পরিবারের অতি আপনজন।

ইমতিয়াজ আহমেদ, 

বার্তা সম্পাদক

ইমতিয়াজ আহমেদ ছিলেন দৈনিক ঢাকা রিপোর্টের জন্মলগ্ন থেকে অবিচল সহকর্মী, যেন সংবাদপত্রের প্রতিটি পৃষ্ঠার সঙ্গে তার আত্মার চুক্তি ছিল। তিনি ছিলেন স্বল্পভাষী, ধার্মিক ও বিনয়ী, সহজ পথে চলা, ভেজাল এবং অযথা জটিলতা থেকে দূরে থাকা একজন মানুষ। চট্টগ্রামের সন্তান ইমতিয়াজ আহমেদ এর জীবন ছিল পরিপাটি এবং স্বাস্থ্য সচেতন। তিনি পরিমিত খাবার খেতেন, পরিমিত কথা বলতেন, এবং সর্বদা সততা ও সচ্ছতার প্রতি অটল ছিলেন। স্ত্রীকে হারানোর শোক নিয়ে কয়েক মাসের মাথায় হঠাৎই তিনি আমাদের ছেড়ে চলে যান। নিউজরুমে তার অনুপস্থিতি শুধু শূন্যতা নয়, ছিল এক নিঃশব্দ অভিভাবকের অবর্তমান ছায়া। তিনি ঢাকা রিপোর্ট পরিবারের অতি আপনজন ছিলেন। তিনি ছিলেন সত্যের প্রতি অবিচল একজন মানুষ। রালফ ওয়াল্ডো এমারসন যেমন বলেছিলেন, “সত্যের প্রতি নিষ্ঠা রাখার জন্য কখনও কখনও নিঃশব্দেই দাঁড়াতে হয়।” ইমতিয়াজ আহমেদ ঠিক তেমনই নিঃশব্দে দাড়িয়ে থাকা একজন সাদা মনের মানুষ ছিলেন।

তালাত মাহমুদ, 

প্রধান সহকারী সম্পাদক ও কবি

রবীন্দ্রনাথ ঠাকুর  বলেছিলেন “কবিতা হলো হৃদয়ের ভাষা, যা নিঃশব্দ থেকেও অনেক দূর যায়।”  তেমনি ঢাকা রিপোর্ট এর হৃদয়ের নিঃশব্দ কবিতা ছিলেন কবি তালাত মাহমুদ। তার লেখা কবিতা প্রবন্ধ ও উপসম্পাদকীয় ঢাকা রিপোর্ট কে সম্বৃদ্ধ করতো। নকলা, শেরপুরের কৃতি সন্তান কবি তালাত মাহমুদ শুধু সাংবাদিকই ছিলেন না; তিনি ছিলেন কবি, লেখক, কলামিষ্ট। তার লেখা কবিতার প্রতি মানুষ মনে করতো দেশজুড়ে প্রতিধ্বনি ছড়াচ্ছে। অফিসে তার উপস্থিতি নিউজরুমকে জীবন্ত করতো হাসি, আড্ডা, আলোচনা, ভাবনা সবই তার চারপাশে ঘুরতো। যখন তিনি অনুপস্থিত থাকতেন, মনে হতো নিউজরুম এক নিঃশব্দ স্থানে পরিণত হয়েছে। তিনি ঢাকা রিপোর্টকে নিয়ে সবসময় গর্ব করতেন, সর্বদা ঢাকা রিপোর্টকে সমাজের সামনে উঁচু করে তুলে ধরতেন। তার লেখা উপ-সম্পাদকীয় ঢাকা রিপোর্ট এর সম্পাদকীয় পাতাকে উজ্জ্বল করতো।

রাজা সিরাজ, 

চীফ রিপোর্টার

কিশোরগঞ্জের সন্তান রাজা সিরাজ ছিলেন দেশের একজন স্বনামধন্য ক্রাইম রিপোর্টার। ঢাকা রিপোর্ট এর পাক্ষিকের সময় পুরো সময়টা ঢাকা রিপোর্টের সাথে থাকলেও দৈনিক ঢাকা রিপোর্ট এর শুরুর দিকে সক্রিয়ভাবে আমাদের সাথে ছিলেন না। কাজ করতেন  দৈনিক খবর ও সাপ্তাহিক চিত্রবাংলায় । এরপর একময় তিনি আবার ফিরে আসেন দৈনিক ঢাকা রিপোর্টে, চীফ রিপোর্টারের দায়িত্বে। অপরাধভিত্তিক তার ক্ষুরধার লেখনী অনুসন্ধানী রিপোর্টকে এক্সক্লুসিভ করেছে। সম্পাদকও বলতেন, “রাজা সিরাজ কলম দিয়েই অপরাধীকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারে।” তার হঠাৎ চলে যাওয়া তাকে নিউজরুম থেকে অদৃশ্য করে দিয়েছে, কিন্তু তার সাহসী কলমের ছাপ চিরকাল আমাদের প্রতিবেদনকে আলোয় ভরিয়ে রাখে। ঠিক যেমনি হেনরি অ্যাডামস বলেছিলেন , “সত্যের অনুসন্ধান কখনো থামে না; সাহসী কলমই সমাজকে পরিবর্তন করে।”

মোল্লা সাইদুর রহমান, 

সিনিয়র রিপোর্টার

মোল্লা সাইদুর রহমান, কিশোরগঞ্জের সন্তান, একজন রাজনৈতিক বিশ্লেষক ও সংগঠক। ক্রিয়েটিভ এবং জ্ঞানভিত্তিক এই মানুষটি  বিভিন্ন ছদ্মনামে দৈনিক ঢাকা রিপোর্ট-এ ধারাবাহিক সিরিজ প্রতিবেদন লিখেছেন। যদিও একাডেমিক পড়াশোনা তার কম, তথাপি তিনি ছিলেন জ্ঞানের নির্ভরশীল উৎস। রাজনৈতিক বিশ্লেষণধর্মী রিপোর্টের মাধ্যমে তিনি সমাজের আয়না স্থাপন করেছেন। তিনি চলে গেছেন, কিন্তু তার লেখা এবং অন্তর্দৃষ্টি আজও নিউজরুমের প্রতিটি প্রান্তে বেঁচে আছে। এই জ্ঞানের ভান্ডার মানুষটি জাতীয় সংষধে একজন সংষদ সদস্যের বক্তব্য লিখে দিতেন, তার ভাবনাগুলোই লিখিত হয়ে পাঠ হতো জাতীয় সংষদে।

কবি এম.এ. মজিদ, 

অন্যতম কবী ও কলাম লেখক

কবি এম.এ. মজিদ ছিলেন ঢাকা রিপোর্ট এর সাহিত্যপৃষ্ঠার আলোকবর্তিকা। তার লেখা কবিতা ও গল্প ও গবেষনা ধর্মী লেখা ও বিভিন্ন ধরনের কলাম পত্রিকার প্রতিটি পাতা সমৃদ্ধ করত, পাঠকের হৃদয়ে অনুরণন জাগাত। তিনি শুধু একজন লেখকই ছিলেন না; ছিলেন নিউজরুমের নীরব অনুপ্রেরণা, যিনি শব্দের মাধ্যমে পাঠককে জীবনের মর্মস্পর্শী মুহূর্তের সঙ্গে যুক্ত করতেন। দোহার-নবাবগঞ্জের এই কৃতি সন্তান পাক্ষিক ঢাকা রিপোর্টের সময়কাল থেকে পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। দৈনিক হিসেবে পত্রিকার সঙ্গে তার সময় সীমিত হলেও, প্রতিটি লেখা আজও পাঠকের মনে তার উপস্থিতির স্বরূপ বহন করে। বহু বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার কলমের ছোঁয়া এবং সাহিত্যিক আত্মার উজ্জ্বলতা চিরকাল নিউজরুমে বেঁচে আছে।

সোহরাব আহমেদ সিদ্দিকী, 

ক্রাইম রিপোর্টার

সোহরাব আহমেদ সিদ্দিকী ছিলেন সেই সাংবাদিক, যার কলম দেশের অপরাধীদের ভয়ে টটস্থ করত। পাক্ষিক ঢাকা রিপোর্টের অন্যতম অনুসন্ধানী রিপোর্টার হিসেবে তার লেখা প্রতিবেদন সমাজে সততার প্রতীক হয় উঠেছিল। দৈনিক ঢাকা রিপোর্ট তাকে পায়নি, তবে তিনি যে রেখে গেছেন কলমের ধ্বনি, সততা ও অনুসন্ধানী প্রবৃত্তি, তা আজও নিউজরুমের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়। তার নিবেদন, সাহস এবং পেশাদারিত্ব শুধুই খবরের প্রতি নয়, বরং নিউজরুমের মানসিকতাকেও দৃঢ ভাবে আকার দিয়েছে।

মনির হোসেন খান, 

বিজ্ঞাপন ব্যবস্থাপক

মনির হোসেন খান, পাক্ষিক ও দৈনিক ঢাকা রিপোর্টের বিজ্ঞাপন ব্যবস্থাপক। পরবর্তীতে তিনি এডফার্ম প্রতিষ্ঠা করলেও, সবসময় ঢাকা রিপোর্টের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিলেন। তিনি ছিলেন সেই নীরব কর্মী, যার প্রেরণা ও কর্মতৎপরতা ঢাকা রিপোর্ট এর বিজ্ঞাপন বিভাগকে এগিয়ে নিয়ে গিয়েছে। তার কর্মতৎপরতায় পত্রিকার প্রকাশনা ধারা এবং দৃঢতা অটুট ছিল।

শাহ্ আব্দুস সালাম, 

অদম্য ফটো সাংবাদিক

শাহ্ আব্দুস সালাম ছিলেন পাক্ষিক ঢাকা রিপোর্টের সেই নিরলস সংবাদ কর্মী, যিনি প্রতিদিন নবাগঞ্জ থানার আগলা পূর্বপাড়া থেকে সাইকেলযোগে পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত ঢাকা রিপোর্ট কার্যালয়ে ছুটে আসতেন, সংবাদপত্রের ফটোক্যানভাসে জীবনের প্রতিটি মুহূর্ত ধরা দেওয়ার জন্য। তার চোখের দৃষ্টি, ক্যামেরার ফোকাস, এবং পত্রিকার প্রতি অদম্য নেশা তাকে অন্যদের থেকে আলাদা করত। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি ছুটে চলেছেন, সর্বদা সংবাদের চিত্র ধারণের খোঁজে, যেন প্রতিটি ঘটনা নিউজরুমে পৌঁছালে তা পাঠকের কাছে জীবন্ত হয়ে উঠত। শাহ্ আব্দুস সালামের এই নিবেদন, ধৈর্য ও পেশাদারিত্ব আজও ঢাকা রিপোর্ট টিমের মনে অনুপ্রেরণার প্রতীক।

সমরেশ সাহা,

বাণিজ্যিক কর্মকর্তা

সমরেশ সাহা ছিলেন পাক্ষিক ও দৈনিক ঢাকা রিপোর্টের বাণিজ্যিক কর্মকর্তা, কিন্তু তার পরিচয় কেবল দাপ্তরিক পদে সীমাবদ্ধ ছিল না; তিনি ছিলেন অফিসের প্রাণকেন্দ্র। সদা চঞ্চল, প্রাণবন্ত ও সংস্কৃতিমনা এই মানুষটি আড্ডায়, হাস্যরসে ও প্রাণখোলা কথায় পুরো অফিসকে মাতিয়ে রাখতেন। তার কণ্ঠের আওয়াজ অফিসকক্ষ ছাড়িয়ে পাশের বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ত, যেন তিনি নিজের প্রাণশক্তি দিয়ে সবাইকে সংযুক্ত করে রাখতেন। আপাদমস্তক সৎ, সরল ও ভালো মনের এই মানুষটির উপস্থিতি ছিল ঢেউয়ের মতো, যা সবাইকে ছুঁয়ে যেত। সমরেশ সাহা শুধু দাপ্তরিক ভূমিকা পালন করেননি; তিনি ঢাকা রিপোর্ট পরিবারের উষ্ণতা, বন্ধুত্ব আর সহমর্মিতার প্রতীক হয়ে বেঁচে ছিলেন।

এই সকল প্রিয় সহকর্মীরা যারা চলে গেছেন, কিন্তু তাদের স্মৃতি, লেখা এবং আদর্শ নিউজরুমের প্রতিটি কোণকে আলো দিয়ে রাখে। তারা শুধু চলে যাননি; তাদের কলম, সততা, অধ্যবসায় এবং ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। নিউজরুমের নিঃশব্দতা, কাগজের পাতায়  লেখা তাদের গল্প সবকিছুই আমাদের মনে করিয়ে দেয়, তারা চিরকাল অমর। নীরব প্রহরের স্মৃতিসন্ধান ঢাকা রিপোর্টের হারানো হৃদয়। যতদিন ঢাকা রিপোর্ট কাগজের পাতায় সত্য লিখবে, এই প্রিয় সদস্যদের স্মৃতি আমাদের সঙ্গে চলবে।  আজ আমরা শুধু তাদের স্মরণ করছি না, তাদের জীবনকে উদযাপন করছি যা আমাদের শেখায় সত্যের জন্য লড়াই কখনও বৃথা যায় না। এই বর্ষপূর্তি বিশেষ সংখ্যায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের  ছেড়ে গিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে চিরস্থায়ী আলো হয়ে রয়েছেন ও চিরকাল থাকবেন।

লেখক : সিনিয়র রিপোর্টার, দৈনিক ঢাকা রিপোর্ট


মন্তব্য লিখুন :