মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ পদে প্রফেসর মোঃ আব্দুল বার্সেদের পদায়নের অভিযোগ
বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ পদে বদলি পদায়ন নিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বার্সেদ বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে নানা শিরনামে সংবাদও প্রচার হয়েছে। এ নিয়ে বিশেষ অনুসন্ধানে জানা যায়, জামালপুর ও শেরপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারি আশেক মাহমুদ কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বার্সেদ এ বছরের ৩০ আগষ্টে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর এ যোগদান করে। এর আগে তিনি শেরপুরের নকলা উপজেলার সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন। শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়,বিগত ২১ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে অগ্রীম বদলির আদেশটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। অথচ সেই সময়ে সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন প্রফেসর মোঃ শওকত আলম মীর, যাঁর চাকরির মেয়াদ ৩০ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত ছিল।সংশ্লিষ্টদের মতে, ঐ দিনই তিনি পিআরএল গমন করেন। এ ধরনের আদেশ সচরাচর পরিলক্ষিত হয় না। অনুসন্ধানে আরও প্রমাণ মেলে যে, এই অস্বাভাবিক পদায়নের আদেশটির জন্য প্রফেসর মোঃ আব্দুল বার্সেদ একটি বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে মোটা অংকের টাকার চুক্তি করে। যা প্রফেসর মোঃ আব্দুল বার্সেদের চেক বইয়ের স্বাক্ষর যুক্ত (২৮ এপ্রিল ২০২৬ তারিখ সম্বলিত প্রাইম ব্যাংক, জামালপুর শাখা ইস্যুকৃত) কয়েকটি পাতা এবং ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার ঋণ সংক্রান্ত চুক্তিপত্র (যাতে তাঁর স্বাক্ষর রয়েছে) একটি বিশেষ সিন্ডিকেটের নিকট হস্তান্তর করেছেন। অনুসন্ধানে আরও জানা যায়,তারই ধারাবাহিকতায় প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় সেই বিশেষ সিন্ডিকেট সদস্যরা ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ জামালপুর আসেন এবং আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের কক্ষে বিশেষ গোপন বৈঠক করেন। নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক জানান যে, এই বিশেষ সিন্ডিকেটের সাথে সমাধানে পৌঁছাতে না পেরে ঐদিনই দিবাগত রাত ৮টায় উভয় পক্ষ জামালপুরস্থ পিটিআই গেইটের বিপরীত পার্শ্বে অবস্থিত মিজান ট্রেডার্সের একটি কক্ষে পুনরায় গোপন বৈঠকে বসেন। সেই গোপন বৈঠক চলে রাত ১১টা পর্যন্ত। ঐ সময় 'সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর' লেখা সম্বলিত গাড়িটি মিজান ট্রেডার্সের অদূরে রাস্তায় পার্কিং করা ছিলো যার ছবি রয়েছে। পরে গোপন বৈঠক শেষে অধ্যক্ষ আব্দুল বার্সেদ জামালপুরের নতুন বাইপাস সংলগ্ন দারুচিনি রেস্টুরেন্টে আগত সিন্ডিকেট সদস্যদের আপ্যায়ন করে তাদের বিদায় জানান।সুধী মহল মনে করে ,এই যে বিশাল অঙ্কের অর্থ লগ্নি করে A Category কলেজে অধ্যক্ষ পদে যোগদান- আর যাই হোক উদ্দেশ্য মহৎ নয়।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক ব্যাক্তি জানান যে,আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ পদে প্রফেসর মোঃ আব্দুল বার্সেদ যোগদানের পর থেকেই- অধ্যক্ষের বাসভবন সংস্কার, একাডেমিক ভবনের ক্লাসরুমের কাঠামো পরিবর্তন সহ এমন সব সংস্কার কাজ করাচ্ছেন যা সচরাচর শিক্ষা প্রকৌশল বিভাগ করে থাকে। তাঁর উদ্দেশ্য যে লগ্নিকৃত অর্থ কীভাবে উঠানো যায় সেই দিকে তা সহজেই অনুমেয়।
অভিবাবকেরা অভিযোগ করে যে, কলেজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়- এ বছর একাদশ শ্রেণিতে (শিক্ষাবর্ষ: ২০২৬-২০২৭) ভর্তি ফি বিগত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আগের তুলনায় অনেক বেশি।
অনুসন্ধানে আরও জানা যায় প্রফে. মোঃ আব্দুল বার্সেদ ১৯৯৯ সালে আওয়ামীলীগ আমলে নিয়োগ পান। তিনি ২০০৮ সালে সরকারি আশেক মাহমুদ কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারি অধ্যাপক পদে যোগদান করেন। এরপর তিনি পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে টানা প্রায় ১৪ বছর এই কলেজেই চাকুরি করেন। আওয়ামী আশীর্বাদপুষ্ট এই কর্মকর্তা ২০২৩ সালে নভেম্বর মাসে প্রভাবশালী নেত্রী সাবেক এমপি- কৃষিমন্ত্রী প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর সাথে সুসম্পর্কের সুবাদে শেরপুরের নকলা উপজেলার সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ২০২৪ সালের ০৫ই আগস্ট পরবর্তী সময় থেকে ৩০ আগস্ট ২০২৬ তারিখ (সরকারি আশেক মাহমুদ কলেজে যোগদানের পূর্বে) পর্যন্ত তিনি উক্ত অধ্যক্ষ পদে বহাল তবিয়তে ছিলেন। জামালপুর-শেরপুর অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারি আশেক মাহমুদ কলেজের মতো প্রতিষ্ঠানে আওয়ামী ফ্যাসিস্টের দোসর প্রফেসর মোঃ আব্দুল বার্সেদকে অধ্যক্ষ পদে পদায়ন নিতান্তই দুঃখজনক ও অনভিপ্রেত যা নিয়ে জামালপুরস্থ সুশীল সমাজ ও সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে ।
সেই সাথে এ অঞ্চলে রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনমনে চরম ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কলেজের অধ্যক্ষ পদে সংবাদ প্রকাশের পর থেকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকার সচেতন মহল ।
এ ব্যাপারে আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বার্সেদ জানান,তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।মলত পেশাগত ভাবে হেয় করতেই এ ধরনের অভিযোগ করা হয়েছে। যার কোন ভিত্তি নেই।