জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু প্রমুখ। প্রধান অতিথি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান রনাঙ্গনে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। তখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন। সে সময় আওয়ামী লীগের নেতারা মুক্তিযুদ্ধ সংগঠকের কথা বলে আজকে যারা ভারতে আছেন, সেদিনও মুক্তিযুদ্ধ চলাকালীন অনেকে ভারতে পালিয়েছিলেন। যে মানুষটি পালিয়ে যায়নি, স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নাই, রনাঙ্গনে জীবন বাজী রেখে সশস্ত্র যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন যার দেওয়া নেতৃত্বে আমাদের বড় অর্জন মহান স্বাধীনতা পেয়েছি সেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা কথা রটাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।