জামালপুরে স্বাস্থসেবার মনোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী
জামালপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের স্বাস্থসেবার মনোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই গণশুনানীর আয়োজন করে।
সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান। এছাড়াও জামালপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শামছুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো: তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মো: মুর্শিদুল হক, সনাক সদস্য শুভ্র মেহেদী, আসমাউল আসিফ, সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে জনবল রয়েছে ১৫০ শয্যার। কিন্তু হাসপাতালে প্রতিদিন গড়ে ৬শতাধিক রোগী ভর্তি থাকে। ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দায় রোগীদের নিজস্ব ব্যবস্থাপনায় বিছানা পেতে সেবা নিতে হয়। তাই জনবল ও অবকাঠামো বাড়ানো হলে রোগীদের কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হবে। হাসপাতালে সেবা নিতে আসা আল আমিন, সজিব মাহমুদ, সাহিদা আক্তারসহ আরও কয়েকজন রোগী ও তাদের স্বজনরা গণশুনানীতে অংশ নিয়ে স্বাস্থ্যসেবা সম্পর্কিত ২১টি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার, সেবা পেতে অতিরিক্ত টাকা প্রদান, রশিদ বিহীন অর্থ আদায়, বাতি ও বৈদ্যুতিক পাখা সচল না থাকা, সেবা পেতে হয়রানি ও বিলম্ব, নোংরা ও অস্বাস্থকর পরিবেশে রোগীদের থাকা নিয়ে সুর্নিদিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। পরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান এসব সমস্যা সমাধানের আশ^াস দেন।