ঢাকা রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক মুসফিকুর রহমান সুভর জন্মদিন আজ

লেখালেখি ও চিন্তার ভুবনে এক ব্যতিক্রমী মানুষ

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ |   
মুসফিকুর রহমান সুভ

আজ ১০ নভেম্বর ২০২৫, সিনিয়র সাংবাদিক, লেখক, কলামিস্ট ও দৈনিক ঢাকা রিপোর্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুসফিকুর রহমান সুভর জন্মদিন। আজকের এই দিনেই প্রবীণ সাংবাদিক আতিয়ার রহমান ও সৈয়দা নিরন রহমান দম্পতির কোল আলো করে জন্ম নিয়েছিলো তাঁদের একমাত্র পুত্র সুভ। পুরো নাম মুসফিকুর রহমান সুভ হলেও মিডিয়াতে মুসফিক সুভ নামেই অধিক পরিচিত, অনেকে আবার তাকে দন্তেস্য সুভ বলেও চেনেন।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারীতে তার জন্ম ও বেড়ে ওঠা হলেও সুভর পৈতৃক নিবাস মহাকবি কায়কোবাদের পুণ্যভূমি, ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে। শৈশব থেকেই পারিবারিক ঐতিহ্য ও সাংবাদিকতার আবহে বড় হয়ে ওঠেন তিনি। বাংলাদেশের প্রথম প্রজন্মের অন্যতম প্রখ্যাত সাংবাদিক আতিয়ার রহমানের সন্তান হিসেবে অতি অল্প বয়সেই সংবাদপত্র জগতের হাতেখড়ি হয় তাঁর। বাবার কাছ থেকেই পান সাংবাদিকতার প্রথম পাঠ, শিখেছেন সততা, দায়বদ্ধতা ও সমাজ ভাবনার গভীর তাৎপর্য।

সাংবাদিকতা-পেশা নয়, আজন্ম নেশা :

সুভর কাছে সাংবাদিকতা কখনও কেবল পেশা নয়, বরং এক নিরবচ্ছিন্ন নেশা ও সাধনা। শিক্ষাজীবনে ব্যবসায় শিক্ষার পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। শিখতে ভালোবাসেন, তাই থেমে থাকেন না কখনও। জ্ঞানার্জনের এই নিরন্তর যাত্রায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের নানা প্রশিক্ষণ, কর্মশালা ও শিক্ষা কর্মসূচিতে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভর্নেন্স স্টাডিজে মাস্টার্স করছেন।

এক একান্ত সাক্ষাৎকারে সুভ বলেছিলেন, “মৃত্যুর আগ পর্যন্ত লেখালেখি ও নতুন নতুন বিষয়ের ওপর অধ্যয়ন চালিয়ে যেতে চাই। অর্থাৎ আমি আজীবন ছাত্র থাকতে চাই’’ 

সাহিত্য, চিন্তা ও কলমের আলোকধারা

সাংবাদিকতার পাশাপাশি সুভ নিয়মিতভাবে বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকগুলোতে কলাম লিখে থাকেন। সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও মানবিক মূল্যবোধ তাঁর লেখার মূল উপজীব্য। সাহিত্যের ভুবনেও তাঁর পদচারণা প্রশংসনীয়। ইতোমধ্যে তাঁর দুটি উপন্যাস ও একটি কাব্যগ্রন্থ পাঠকমহলে বিশেষ সমাদৃত হয়েছে।

ব্যতিক্রমী সুভ-চিন্তা ও চলার ভিন্ন ধারা

মুসফিকুর রহমান সুভ বরাবরই ব্যতিক্রম। চিন্তা, মনন ও জীবনযাত্রায় তিনি আলাদা এক স্বাতন্ত্র্য তৈরি করেছেন। এমনকি নিজের নামের বানানেও সেই ব্যতিক্রমী ছোঁয়া, তিনি সচেতনভাবেই “সুভ” লেখেন ‘স’ দিয়ে, যা তাঁর স্বভাবজাত স্বতন্ত্রতার প্রতীক হয়ে উঠেছে। যে জন্য অনেকেই তাকে দন্তেস্য সুভ নামে ডাকেন।

সমাজ ও কলম-দুটি হাত এক স্রোতে

সুভর কলমের মূল শক্তি হলো সমাজবোধ, ন্যায়বোধ ও মানবিকতা। তিনি বিশ্বাস করেন, লেখালেখি কেবল শব্দের বিন্যাস নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গির জন্য সাংবাদিক সমাজে তিনি আজ এক অনন্য নাম।

জন্মদিনে সহকর্মী, পাঠক, সাহিত্যপ্রেমী ভক্ত ও শুভানুধ্যায়ীরা জানাচ্ছেন এই প্রগতিশীল সাংবাদিক, লেখক ও চিন্তকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সেই সাথে ঢাকা রিপোর্ট পরিবারের পক্ষ থেকে, ঢাকা রিপোর্ট এর অভিভাবক ও প্রিয় সম্পাদককে জানাই ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা।


মন্তব্য লিখুন :