জামালপুরে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে ৪ প্রার্থী একসাথে

জামালপুর প্রতিনিধি | প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫ |   

জামালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও আনন্দ র‌্যালির আয়োজন করে জেলা বিএনপি। বিএনপি মনোনীত জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীরা একসাথে এই কর্মসুচীতে অংশগ্রহণ করেন।  বিকেলে শহরের ফৌজদারি মোড়ে জেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য এম. সুলতান মাহমুদ বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ৭৫ সালের ৭ নভেম্বর অকুতোভয় সৈনিক ও জনতা রাজপথে নেমে এসে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করে দেশের দায়িত্বভার তুলে দেয়। এরপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করে। পরে আলোচনা সভা শেষে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিতে বিএনপি মনোনীত জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে জামালপুর ৪ আসনের দলীয় প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর ৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর ৩ আসনের প্রার্থী বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ২ আসনের দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য এম. সুলতান মাহমুদ বাবু একসাথে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসুচিতে জেলার সবগুলো উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।


মন্তব্য লিখুন :


আরও পড়ুন