জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সহযোগীতায় মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সকালে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়র সম্মেলন কক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এছাড়াও সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, ইয়েস দলনেতা আবৃত্তি আমিন ইভাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় জেলার ৯০টি ওয়েব পোর্টালের উপর পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন। অফিস প্রধান, কর্মকর্তা-কর্মচারী, সিটিজেন চার্টার বা সেবা সমূহ, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার তথ্যসহ ৭টি বিষয়ে উপর এসব পোর্টালের পর্যবেক্ষণ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয় ৭টি বিষয়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারী, সেবা সমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাসহ ৫টি বিষয়ের তথ্য হালনাগাদকরণ গত বছরের তুলনায় কমেছে। তবে অফিস প্রধান ও যোগাযোগের ক্ষেত্রে ২টি বিষয়ের তথ্য হালনাগাদ গত বছরের তুলনায় বেড়েছে। ৯০টি পোর্টালের মধ্যে ৩১টিতে ৫০ শতাংশের কম তথ্য হালনাগাদ রয়েছে আর ৫০ শতাংশের বেশী তথ্য হালনাগাদ রয়েছে ৫৯টি পোর্টালে। ৪টি পোর্টালে শতভাগ তথ্য থাকলেও ৬টি পোর্টালে কোন তথ্য নেই। এছাড়াও এসব পোর্টালের আরও অন্যান্য দিক তুলে ধরে কিছু সুপারিশ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সঠিক তথ্য প্রদানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আন্তরিক হতে হবে। পাশাপাশি জিডিটাল যুগে অপতথ্য ও ভুল তথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তির বিষয়ে সচেতন হতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলে তিনি জানান।