জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সভা
জামালপুরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারে স্থানীয় অংশীজনদের সঙ্গে ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।
গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মাহ্ফুজা রহমান মিলির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুমী আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ ইউসুফ আলী। সভায় জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, দৈনিক আলোচিত পত্রিকার নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, সাংবাদিক তানভীর আহমেদ হীরা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, সূর্য তোরণ সমাজসেবা সংস্থার সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানুষের ছোটখাটো বিরোধ সহজে, দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নাটিকা, উঠান বৈঠক, লিফলেট, পোস্টার ও বিলবোর্ডসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ সেবাগুলোর মধ্যে নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও গ্রাম আদালত অন্যতম। এসব সেবা জনগণের কাছে সহজলভ্য ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া গেলে ইউনিয়ন পরিষদগুলো আরও শক্তিশালী ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।