সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩৫ মিনিট আগে |   

জামালপুরে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা করেছে বিআরটিএ। 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এ কর্মশালাটি।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের দেওয়ানপাড়ায় ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় গাড়িচালক, কন্টাক্টর, হেল্পার ও পরিবহন নেতারা অংশ নেন। 

​সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে আয়োজিত এ কর্মশালায় পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন মানা,গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন ও সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বিআরটিএ'র কর্মকর্তারা। 

বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বিআরটিএ'র থেকে আপনাদের যে প্রশিক্ষণ দেবে, যে কথাগুলো বলবে, সেগুলো আপনাদেরকে শুনতে হবে এবং মানতে হবে। আমাদের করণীয় হলো, মহসড়কের সমস্যাগুলো দূর করা। এটা হয়তো রাতারাতি সম্ভব না। কিন্তু ছোট ছোট যে সমস্যাগুলো আছে সে সমস্যা সমাধান করা আমার-আপনার কাজ।

তিনি আরও বলেন, রোড এক্সিডেন্ট মারাত্মক পরিমাণে বেড়ে গেছে জামালপুরে। আমি মনে করি, জামালপুরবাসীর প্রত্যাশা হচ্ছে মহসড়কে দুর্ঘটনা রোধ করে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করা। এছাড়া কোন কোন জায়গায় ভীষণভাবে এক্সিডেন্টগুলা ঘটছে এবং সেখানে কোনো সড়কের ত্রুটি আছে কিনা সে বিষয়গুলো দেখভাল করবেন সড়ক পরিবহনের লোকজনরা।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, আপনি চাইলেই তো একটা সড়ককে চার লেন থেকে আট লেন রাতারাতি করে দিতে পারবেন না। আরও ইম্পরট্যান্ট হলো মালিক সমিতির লোকজনরা যাত্রীর যে সেবাটা দিচ্ছেন, যাত্রীর সেবাটাকে তো নিশ্চিত করতে হবে আপনাকে। আপনি যে টাকা দেবেন ওই টাকার মধ্যে ও যতটুক পায় এইটুক সেবাদানের প্রতিশ্রুতি কিন্তু আপনার। নাহলে তো উত্তরাধিকারের কাছে যেমন দায়ী থাকবেন, তেমনি আল্লাহর কাছেও আপনি দায়ী থাকবেন। সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাত্রায় করণীয় বিষয়ে গাড়িচালক, হেল্পার ও কন্টাক্টরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

জামালপুর বিআরটিএ'র মোটরযান পরিদর্শক মোঃ মুনজিল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২)'র জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ, সদস্য আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান হীরা প্রমুখ।


মন্তব্য লিখুন :


আরও পড়ুন