জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড
জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে আদালত। এ সময় আসামীরা আদালতে হাজির ছিল না। বুধবার (১০ সেপ্টেম্বের) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো: ফজলুল হক বলেন, গত ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ১১ বছর বয়সী মেয়ে শিশু তার নিজ বাড়ি থেকে নানা বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় একই এলাকার জামাত আলীর ছেলে গোলাম মোস্তফার সহযোগীতায় মৃত আজমেশ আলীর ছেলে আইজুর হোসেন ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার চার দিন পর নির্যাতনের শিকার শিশুর চাচা লালু সেখ বাদী হয়ে ওই দুইজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। গত ২০০৪ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ৮ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিশ বছর পর বুধবার (১০ সেপ্টম্বর) রায় ঘোষণা করে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৮ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে তাকে দোষী সাব্যস্ত করেন এবং আসামীদের অনুপস্থিতিতে রায় দেন।
রায়ে অভিযুক্ত আসামী আইজুর হোসেন ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন কারাদন্ড এবং আইজুর হোসেনকে এক লাখ ও গোলাম মোস্তফাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ ভূক্তভোগীকে প্রদানের আদেশও দেয়া হয়।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মো: ফজলুল হক এবং আসামী পক্ষে আইনজীবী এডভোকেট তাইজুল ইসলাম তাজুল ।

