শুরু হলো জাবির জাকসু ভোট: বেলা বাড়ছে, ভিড় জমাচ্ছে শিক্ষার্থীরা
দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষা শেষে অবশেষে শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
শুরুর দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র বদলাতে শুরু করেছে। সকাল সাড়ে ১০টার দিকে শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন ভোটারের মধ্যে মাত্র ১৩ জন ভোট দেন। কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান ভূঞা জানান, ব্যালট পেপারে স্বাক্ষর গ্রহণে সময় লাগায় শুরুতে কিছুটা ধীরগতি দেখা দেয়। একই পরিস্থিতি ছিল শহীদ সালাম-বরকত হলেও। সেখানে প্রথম এক ঘণ্টায় ২৯৯ জন ভোটারের মধ্যে মাত্র ২৩ জন ভোট দেন। এ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এস এম মওদুদ আহমেদ আশা প্রকাশ করে বলেন, “ক্রমে ভোটারদের উপস্থিতি বাড়বে এবং নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে।”
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ২৫টি পদে লড়ছেন ১৭৮ জন প্রার্থী। ভোট গ্রহণের দায়িত্বে আছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) ও সমসংখ্যক সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে। বিশেষ ওএমআর মেশিনে ভোটগণনার ব্যবস্থা রাখা হয়েছে।
জাকসুর মোট প্রার্থীর মধ্যে ২৫ শতাংশ নারী শিক্ষার্থী। তবে ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে নারী দুজন। সবগুলো হল সংসদ মিলিয়ে প্রার্থীর ২৪ দশমিক ৪ শতাংশ ছাত্রী। মেয়েদের হলগুলোর পাঁচটিতে ১৫টি পদে কোনো প্রার্থীই নেই।
নির্বাচনে বাম, ছাত্রদল, শিবির, স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ও জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। বাগাছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ থেকে ভিপি পদে আরিফুজ্জামান উজ্জ্বল এবং জিএস পদে আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলে ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব ও জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।
‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস প্রার্থী মো. শাকিল আলী। ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী শরণ এহসান, এজিএস (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি। তবে এ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জন আদালতের রায়ে প্রার্থীতা বাতিল করেছেন।
ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’ থেকে জিএস পদে লড়ছেন জাহিদুল ইসলাম ঈমন এবং এজিএস (নারী) পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।
সবমিলিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

