পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সামনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
অধ্যাপক মাফরুহী সাত্তার অভিযোগ করেন, নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হয়নি। তাঁর ভাষায়, “লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, তা এ নির্বাচনে ছিল না। আমাকে পদত্যাগ থেকে বিরত রাখতে গতকাল থেকেই নানা চাপ ছিল। তবুও আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।”
ফার্মেসি বিভাগের শিক্ষক মাফরুহী সাত্তার বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যে কমিশনের একজন শীর্ষ কর্মকর্তার এই পদত্যাগকে ক্যাম্পাসের অনেকে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন হিসেবে দেখছেন।
ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও শিক্ষক মহলে ইতিমধ্যেই এ ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হবে এই পদত্যাগের পর।

