ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ

শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের বড় জয়

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ |   

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন একই প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ভোটগণনা শেষে বুধবার সকালে সিনেট ভবনে ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি পদে মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মো. মহিউদ্দিন খান, যিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।

অন্যদিকে, কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান। ভিপি পদে উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন ১ হাজার ৩ ভোট।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন অবশ্য দাবি করেছেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি; বরং এটি একটি “মডেল নির্বাচন” হয়েছে।


মন্তব্য লিখুন :