ডাকসু নির্বাচনে আগে থেকেই ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী জোট। তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অমর একুশে হলে আগে থেকে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। এছাড়া শামসুন্নাহার হলেও কয়েকজন শিক্ষক একটি প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। এ নির্বাচনকে নীলনকশার নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী জোট। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে টিএসসি চত্বরে জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। এ সময় প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের বলেন, নির্বাচনে চরম বিশৃঙ্খলা। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও ফল পাওয়া যাচ্ছে না। এটি এক ধরনের তামাশায় রূপ নিয়েছে। ছাত্রদলের আবিদ কেন্দ্রে ঢুকে যাচ্ছে। কিন্তু প্রশাসন নির্বিকার। আদু ভাইয়েরা এমফিলে ভর্তি হয়েছে কারচুপির জন্য। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। একই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী বাকের মজুমদার বলেন, একুশে হলে আগে থেকে ব্যালট বক্স ভর্তি করে রাখার অভিযোগ প্রশাসন স্বীকার করলেও ব্যবস্থা নেয়নি। রিটার্নিং কর্মকর্তা বলছেন তিনি ব্যক্তি চিহ্নিত করতে পারেননি। আমরা মনে করি এটি চরম মিথ্যাচার। আমাদের মনে হচ্ছে এক ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে। নতুন করে কেউ হাসিনা হওয়ার চেষ্টা করলে জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
-68c003190c195.jpg)
